মেহেরপুর বিএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শেষে স্কুল ছুটির পর টয়লেটে আটকা পড়ে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী। কয়েক ঘণ্টা আতঙ্কে থাকার পর পরিবার ও স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। বুধবার (১৫ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বিকাল ৪টার দিকে স্কুল ছুটি হলে শিক্ষকরা বিদ্যালয় ত্যাগ করেন। এ সময় সাদিয়া নামে ওই শিক্ষার্থী টয়লেটে আটকে পড়ে। ভেতরে আটকা পড়ে সে কান্নাকাটি ও চিৎকার শুরু করলে পথচারীরা বিষয়টি টের পেয়ে এগিয়ে আসেন।
এদিকে শিশুটির বাবা মনিরুল ইসলাম মেয়েকে না পেয়ে খোঁজ নিতে বিদ্যালয়ে আসেন। পরে এলাকাবাসীর সহযোগিতায় বিদ্যালয়ের মূল ফটক খুলে ভেতরে প্রবেশ করা হয়। তবে বিদ্যালয় ভবনের কলাপসিবল দরজা ভেঙে শিশুটিকে বের করা সম্ভব না হওয়ায় স্থানীয়রা এক শিক্ষিকাকে ডেকে আনেন। তার উপস্থিতিতে শেষ পর্যন্ত সাদিয়াকে উদ্ধার করা হয়।
ঘটনার বিষয়ে জানতে বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন ধরেননি।
রাত ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে যান মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম। তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার প্রাথমিক তথ্য নেন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও সাড়া পাননি।
ইউএনও বলেন, “মেয়েটি সুস্থ অবস্থায় উদ্ধার হয়েছে, এটি স্বস্তির বিষয়। তবে ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হবে। বৃহস্পতিবার শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে এ বিষয়ে কথা বলা হবে।”

