মঙ্গলবার

১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

এক দশকে মানিকগঞ্জে অর্থনৈতিক উল্লম্ফন: ইউনিট বেড়েছে ১২৯%, কর্মসংস্থান প্রায় পৌনে তিন লাখ

🕙 প্রকাশিত : ১৬ জুন, ২০২৬ । ৭:৫১ পূর্বাহ্ণ

গত এক দশকে মানিকগঞ্জে অর্থনৈতিক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য প্রসার ঘটেছে। এ সময়ে জেলায় অর্থনৈতিক ইউনিটের সংখ্যা বেড়েছে প্রায় ১২৯ শতাংশ এবং শিল্প-ব্যবসা প্রতিষ্ঠানে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে প্রায় পৌনে তিন লাখ মানুষের। জাতীয় গড়ের তুলনায় অনেক বেশি হারে এই প্রবৃদ্ধি দেশের অর্থনীতিতে মানিকগঞ্জের ক্রমবর্ধমান গুরুত্বকে তুলে ধরছে।
মঙ্গলবার (১৬ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে ‘অর্থনৈতিক শুমারি ২০২৪’-এর চূড়ান্ত জাতীয় প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়। জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিবিএসের যুগ্মসচিব মো. আব্দুল মোক্তাদের।
সেমিনারে পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে অর্থনৈতিক শুমারির তথ্য তুলে ধরেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মো. মিনার উদ্দীন।
উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০১৩ সালে মানিকগঞ্জে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ছিল ৫১ হাজার ৬৭৭টি, যা ২০২৪ সালে বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৮ হাজার ৪৩টিতে। অর্থাৎ এক দশকে ইউনিট বৃদ্ধি পেয়েছে প্রায় ১২৯ শতাংশ, যেখানে জাতীয় গড় প্রবৃদ্ধি ৪৯ দশমিক ৬৮ শতাংশ।
বিবিএসের তথ্য বলছে, বর্তমানে জেলায় রয়েছে ৭৪টি বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান, ৮৮টি ক্ষুদ্র শিল্প, ৫ হাজার ৪৮৯টি মাঝারি শিল্প, ৬২ হাজার ১৬০টি মাইক্রো শিল্প এবং ৫০ হাজার ২০২টি কুটির শিল্প। এসব প্রতিষ্ঠানের সম্প্রসারণ জেলার অর্থনৈতিক কার্যক্রমকে আরও বহুমুখী ও গতিশীল করেছে।
জেলার অর্থনৈতিক ইউনিটগুলোতে বর্তমানে প্রায় ২ লাখ ৭২ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। এর মধ্যে পুরুষ কর্মী ৯৮ হাজার ৪৯৫ জন এবং নারী কর্মী ১৭ হাজার ২৫১ জন। ফলে স্থানীয় পর্যায়ে আয় বৃদ্ধি ও দারিদ্র্য কমাতে এসব প্রতিষ্ঠানের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়।
সেমিনারে জানানো হয়, দেশের মোট অর্থনৈতিক ইউনিটের প্রায় ১ শতাংশ এখন মানিকগঞ্জে অবস্থিত। একই সঙ্গে সেবা খাত, পাইকারি ও খুচরা ব্যবসা, পরিবহন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং কৃষিভিত্তিক শিল্পের সম্প্রসারণ জেলার অর্থনীতিকে আরও শক্তিশালী করছে।
এ সময় বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শাহজাহান সিরাজ, জেলা তথ্য কর্মকর্তা নূর হোসেন, মানিকগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুস সালাম বাদলসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ