ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি সরকারের পররাষ্ট্র নীতির দুর্বলতার কারণেই সীমান্তে এ ধরনের ঘটনা বারবার ঘটছে বলে অভিযোগ করেছে।
শনিবার (৯ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ মন্তব্য করেন।
বিবৃতিতে বলা হয়, শুক্রবার (৮ মে) রাতে কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগরের বাতেনবাড়ি গ্রামের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. মুরসালিন এবং একই ইউনিয়নের মধুপুর গ্রামের নবীর হোসেন বিএসএফের গুলিতে নিহত হন।
জামায়াত দাবি করে, বাংলাদেশ সীমান্তে বিএসএফ প্রায়ই বিনা কারণে গুলি চালিয়ে হতাহতের ঘটনা ঘটাচ্ছে। সীমান্ত হত্যা বন্ধে ভারত বিভিন্ন সময়ে প্রতিশ্রুতি দিলেও বাস্তবে হত্যাকাণ্ড কমছে না, বরং উদ্বেগজনকভাবে বাড়ছে।
বিবৃতিতে আরও বলা হয়, “এসব অন্যায় হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হওয়া অত্যন্ত উদ্বেগজনক। বাংলাদেশ সরকারের দুর্বল পররাষ্ট্র নীতির কারণেই ভারত বারবার সীমান্তে হত্যাকাণ্ড ঘটানোর সুযোগ পাচ্ছে।”
মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশের জনগণ প্রতিবেশী দেশের কাছ থেকে বন্ধুত্বপূর্ণ আচরণ প্রত্যাশা করে। তিনি আশা প্রকাশ করেন, ভারত সরকার ভবিষ্যতে সীমান্তে হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নেবে এবং এ ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
কসবা সীমান্তে দুই বাংলাদেশি নিহতের ঘটনায় উদ্বেগ, সরকারের কূটনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন জামায়াতের
🕙 প্রকাশিত : ১০ মে, ২০২৬ । ৬:০০ পূর্বাহ্ণ

