জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর দেশের মানুষের গণতান্ত্রিক চেতনা ও স্বৈরাচারবিরোধী অবস্থানের প্রতীক হয়ে থাকবে। তিনি দাবি করেন, এই জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মকে আন্দোলনের ইতিহাস জানাবে এবং গণতন্ত্র রক্ষার প্রেরণা যোগাবে।
মঙ্গলবার (১২ মে) জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত বিভিন্ন ঘটনার তথ্য-প্রমাণ জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে। তিনি অভিযোগ করেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনের সময় সহিংসতার নির্দেশ দিয়েছিলেন এবং সেই সংক্রান্ত কলরেকর্ডও জাদুঘরে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, “এই জাদুঘর প্রমাণ করবে বাংলাদেশের মানুষ কোনো স্বৈরাচারকে বিশ্বাস করে না। গণতন্ত্রের জন্য মানুষ হাসিমুখে জীবন দিতেও প্রস্তুত থাকে। ভবিষ্যৎ প্রজন্ম এখানে এসে দেশের রাজনৈতিক ইতিহাস সম্পর্কে জানতে পারবে।”
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি বাঙালি জাতিকে দীর্ঘদিন অনুপ্রাণিত করবে এবং এটি দেশের মানুষের জন্য গুরুত্বপূর্ণ সম্পদে পরিণত হবে।
এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, “ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের প্রতিচ্ছবি হবে এই জুলাই জাদুঘর।”
পরিদর্শনকালে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় জানান, আগামী জুলাইয়ের শেষ সপ্তাহ অথবা ১ আগস্টের মধ্যে জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর জনসাধারণের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ায় ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান স্পিকার।
জুলাই জাদুঘর স্বৈরাচারবিরোধী চেতনার প্রতীক হবে: স্পিকার
🕙 প্রকাশিত : ১২ মে, ২০২৬ । ৯:৪৯ পূর্বাহ্ণ

