বুধবার

১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণের আস্থা অর্জনে মানবিক ও পেশাদার পুলিশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

🕙 প্রকাশিত : ১০ মে, ২০২৬ । ৫:২৯ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের স্বাধীনতা ও জনগণের স্বার্থের বিরুদ্ধে যেন ভবিষ্যতে কোনো ফ্যাসিবাদী বা স্বৈরাচারী শক্তি পুলিশ বাহিনীকে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক ও অঙ্গীকারবদ্ধ থাকতে হবে।

রোববার (১০ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “স্বাধীনতার প্রথম প্রহরেই পুলিশের রক্তে রঞ্জিত এই ঐতিহাসিক রাজারবাগে দাঁড়িয়ে আসুন আমরা নতুন করে শপথ নিই—বাংলাদেশের স্বাধীনতা ও জনগণের বিরুদ্ধে কোনো অপশক্তি যেন আর কখনো পুলিশকে ব্যবহার করতে না পারে।”

তিনি ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে রাজারবাগ পুলিশ লাইন্সে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর হামলায় নিহত পুলিশ সদস্যদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারেক রহমান বলেন, “মুক্তিযুদ্ধে আত্মদানকারী পুলিশ সদস্যদের স্মরণ করাই যথেষ্ট নয়, তাদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত স্বাধীনতা রক্ষা করাও আমাদের পবিত্র দায়িত্ব।”

মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, চট্টগ্রামে মেজর জিয়ার স্বাধীনতার পক্ষে বিদ্রোহ এবং ঢাকায় রাজারবাগ পুলিশের প্রতিরোধ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে আরও বেগবান করেছিল।

তিনি বলেন, “মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে এখনো গবেষণার অনেক বিষয় রয়েছে। ১৯৭১ সালের মার্চে উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে কেন সব পুলিশ সদস্যকে রাজারবাগে একত্র করা হয়েছিল, সেটিও গবেষণার বিষয় হতে পারে।”

অনুষ্ঠানে পুলিশের বর্ণিল প্যারেডের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, এটি শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং পুলিশের শৃঙ্খলা, আত্মমর্যাদা, দায়িত্ববোধ এবং ভবিষ্যতের প্রতি দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন।

তিনি আরও বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় জনগণের ভোটে গঠিত বর্তমান সরকার দেশের মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। আর এ ক্ষেত্রে পুলিশের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, “জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আপনাদের সর্বোচ্চ আন্তরিকতা ও সামর্থ্য নিয়ে কাজ করতে হবে। এটিই সরকারের প্রত্যাশা।”

তারেক রহমান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রমাণ করেছে যে বাংলাদেশ পুলিশ দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে সক্ষম। পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও বাংলাদেশ পুলিশ আন্তর্জাতিক অঙ্গনে সুনাম অর্জন করেছে।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠা, আইন-শৃঙ্খলা রক্ষা ও মানবাধিকার সুরক্ষায় বাংলাদেশ পুলিশের সদস্যরা সাহসিকতা, পেশাদারিত্ব ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। নারী পুলিশ সদস্যদের ভূমিকাও আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে।

দেশের ভেতরেও জনগণের সঙ্গে মানবিক আচরণের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, জনগণের আস্থা অর্জনে পুলিশকে আরও দায়িত্বশীল ও জনবান্ধব হতে হবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ