মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার উত্তর কাওন্নারা গ্রামকে সম্পূর্ণ ‘মাদক মুক্ত গ্রাম’ হিসেবে ঘোষণা করেছেন স্থানীয় গ্রামবাসী।
মাদক নির্মূল ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শুক্রবার (১৯ জুন) রাত ৯টার দিকে উত্তর কাওন্নারা গ্রামের সর্বস্তরের জনগণের উদ্যোগে স্থানীয় মসজিদ প্রাঙ্গণে এক বিশেষ মাদকবিরোধী ও প্রতিরোধ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বারবার নির্বাচিত সাবেক ইউপি চেয়ারম্যান মো. আবুল বাশার সরকার।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন এবং পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান(আসাদ)।।এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবসমাজের প্রতিনিধিরা সভায় বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, “আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি, উত্তর কাওন্নারা গ্রামের একদল উদ্যমী যুবক মাদকের বিরুদ্ধে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তারা বাড়ি বাড়ি গিয়ে মাদকসেবী ও তাদের পরিবারকে সচেতন এবং সতর্ক করছেন।একটি মাদক মুক্ত গ্রাম গড়ে তোলার যে পরিকল্পনা তারা নিয়েছিলেন,তারই ধারাবাহিকতায় আজকের এই চমৎকার মাদকবিরোধী সভার আয়োজন।”
বক্তারা আরও বলেন, “যুবসমাজের এই প্রশংসনীয় উদ্যোগের ফলে এলাকায় মাদকসেবী ও কারবারিদের মধ্যে রীতিমতো আতঙ্ক সৃষ্টি হয়েছে। শুধুমাত্র প্রচলিত আইন প্রয়োগ করে রাতারাতি মাদক পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। এর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন সামাজিক সচেতনতা ও পারিবারিক তদারকি।
আজকের সভায় সর্বস্তরের মানুষের উপচে পড়া উপস্থিতি প্রমাণ করে যে, সবাই ঐক্যবদ্ধ থাকলে এই গ্রামকে সম্পূর্ণ মাদক মুক্ত করা সম্ভব।”
অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, “সন্তানদের শুধু স্কুলে পাঠিয়েই দায়িত্ব শেষ ভাববেন না। তারা কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে—সে বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখুন। যুবসমাজকে রক্ষা করতে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।”

