দেশের উত্তর সীমান্তঘেঁষা জেলা পঞ্চগড়ে নতুন একটি সেনানিবাস (ক্যান্টনমেন্ট) স্থাপনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
বুধবার (১৭ জুন) রাত সাড়ে ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে তিনি সরাসরি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে লেখেন, “মাননীয় প্রধানমন্ত্রী, পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই।”
ভূ-রাজনৈতিক অবস্থান ও সীমান্ত নিরাপত্তার দিক থেকে গুরুত্বপূর্ণ এ জেলার জন্য সারজিস আলমের এমন দাবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত আলোচনায় আসে। তার পোস্টে অসংখ্য নেটিজেন ইতিবাচক প্রতিক্রিয়া জানান এবং সীমান্ত নিরাপত্তা জোরদারে এ উদ্যোগের পক্ষে মত দেন।
রবিউল ইসলাম পুলক নামের এক ব্যবহারকারী মন্তব্য করেন, “গুড আইডিয়া সারজিস। দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে এর বিকল্প নাই।”
মুনতাসির ই জান্নাত নামে আরেকজন লেখেন, “দারুণ একটা সিদ্ধান্ত হবে যদি নেওয়া হয়। আমাদের এখানে ক্যান্টনমেন্ট খুবই জরুরি।”
এছাড়া ইয়াসিন এইচ শিকদার মন্তব্য করেন, “বিরোধিতা না করে সহযোগিতা করে পাশে থেকো, সব হয়ে যাবে ইনশাআল্লাহ।”
মুক্তা খাতুন নামের আরেক ব্যবহারকারীও পঞ্চগড়ে সেনানিবাস স্থাপনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে মতামত দেন।
সারজিস আলমের এই পোস্টের পর থেকে পঞ্চগড়সহ উত্তরাঞ্চলের সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার ও সার্বিক সুরক্ষায় নতুন সেনানিবাস স্থাপনের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

