পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে মানিকগঞ্জের শিবালয়ে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসন ও শিবালয় সামাজিক বন বিভাগের যৌথ উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মনিষা রানী কর্মকার, বিএনপি নেতা রহমত আলী ব্যাপারী লাবলু, নাসির উদ্দিন নাসির এবং উপজেলা জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী দবিরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের এই উদ্যোগ দেশের সবুজায়ন কর্মসূচিকে আরও গতিশীল করবে এবং পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সামাজিক বনায়নের প্রতিনিধি, রাজনীতিবিদ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং পরিবেশপ্রেমী নাগরিকরা অংশ নেন।
এ সময় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পরে অতিথিরা উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেন এবং কর্মসূচির সফল বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।

