মানিকগঞ্জের দৌলতপুরে অভিযান চালিয়ে ২০০ পুড়িয়া হেরোইনসহ মো. সুবল হোসেন (৪৩) নামে এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার (২ জুন) দুপুরে দৌলতপুর বাজার এলাকায় উপজেলা পরিষদের সামনের পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত সুবল হোসেন উপজেলার রামচন্দ্রপুর মোল্লাপাড়া এলাকার আরশেদ আলী মোল্লার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে দৌলতপুর থানা পুলিশের একটি দল মোবাইল ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বাজারের ওয়ালটন শোরুমের সামনে এক ব্যক্তি হেরোইন বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। পরে ওসির নির্দেশনায় এসআই মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে সুবল পালানোর চেষ্টা করলে সদস্যরা চারদিক থেকে ঘিরে তাকে আটক করেন। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তার দেহ তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে সুবলের বাম পায়ের এ্যাংলেটের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা সাদা পলিথিনে মোড়ানো ২০০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। জব্দকৃত হেরোইনের মোট ওজন ২২ দশমিক ০৫ গ্রাম। ডিজিটাল নিক্তিতে পরিমাপ শেষে ঘটনাস্থলেই জব্দ তালিকা প্রস্তুত করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুবল দীর্ঘদিন ধরে দৌলতপুরের বিভিন্ন এলাকায় গোপনে হেরোইন বিক্রির কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় এসআই মো. সাইফুল ইসলাম বাদী হয়ে দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেছেন। মামলার তদন্তভার দেওয়া হয়েছে সাব-ইন্সপেক্টর মো. নুরুল ইসলামকে।
দৌলতপুর থানার ওসি স্বপন কুমার সরকার বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।”

