বুধবার

৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডুমুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, নিহত ১, আহত অন্তত ২৫

🕙 প্রকাশিত : ৩ জুন, ২০২৬ । ১১:১৪ পূর্বাহ্ণ

খুলনার ডুমুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পুকুরে পড়ে গেছে একটি যাত্রীবাহী বাস। এ ঘটনায় আছাবুর রহমান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন নারী-পুরুষসহ অন্তত ২৫ জন।

বুধবার (৩ জুন) সকালে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আছাবুর রহমান পাইকগাছা উপজেলার খড়িয়া গ্রামের আশাবুর রহমান সরদারের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

আহতদের মধ্যে ৬ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন— কয়রা উপজেলার ইসমাইল হোসেন (৩২), ইমদাদুল হক (৪৭), পাইকগাছা উপজেলার আব্দুস সালাম (৬০), তালা উপজেলার কবিতার মন্ডল (৫৭), নৃতোষ মন্ডল (৩৫) এবং রূপসা উপজেলার রাবেয়া খাতুন (৪৭)।

ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ জানিয়েছে, আহতদের মধ্যে আরও প্রায় ২০ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ নিজ গন্তব্যে ফিরে গেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে পাইকগাছা থেকে যাত্রী নিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা দেয় বাসটি। ডুমুরিয়ার গুটুদিয়া গ্রামের শওকাত শেখের বাড়ির সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি সড়কের পাশের পানিভর্তি পুকুরে ছিটকে পড়ে।

খুলনা জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আবুনবক্কর জামান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে তাদের ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। একই সঙ্গে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

খর্নিয়া হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং পুকুর থেকে উদ্ধারের কাজ চলমান রয়েছে। দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেছেন।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ