বুধবার

৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

উষা উত্থপের কণ্ঠে সাবরিনা রুবিনের গান, সুরে মিলল দুই বাংলার বন্ধন

🕙 প্রকাশিত : ৩ জুন, ২০২৬ । ১১:৩০ পূর্বাহ্ণ

ভারত ও বাংলাদেশের সাংস্কৃতিক বন্ধনে নতুন মাত্রা যোগ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী উষা উত্থপ ও বাংলাদেশের কবি-গীতিকার ড. সাবরিনা রুবিন। সম্প্রতি প্রকাশিত হয়েছে উষা উত্থপের কণ্ঠে ড. সাবরিনা রুবিনের লেখা নতুন একটি গান, যা প্রকাশের পর থেকেই দুই বাংলার সংগীতপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

গানটির কথা লিখেছেন ড. সাবরিনা রুবিন এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন দেব গৌতম। ইউটিউবসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে গানটি দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও গানটি নিয়ে প্রশংসার ঝড় বইছে।

সমসাময়িক বাংলা সংগীতাঙ্গনে এই আয়োজনকে দুই বাংলার শিল্প-সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন হিসেবে দেখছেন সংগীতবোদ্ধারা। তাদের মতে, এমন আন্তর্জাতিক মানের সহযোগিতা বাংলা গানকে বিশ্বমঞ্চে আরও শক্ত অবস্থান তৈরি করতে সহায়তা করবে।

সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য ইতোমধ্যে একাধিক দেশি-বিদেশি সম্মাননা অর্জন করেছেন ড. সাবরিনা রুবিন। তার প্রাপ্ত সম্মাননার মধ্যে রয়েছে ইয়াসির আরাফাত বিশ্ব শান্তি পুরস্কার, চেখভ ব্রোঞ্জ সম্মাননা, গুজরাট সাহিত্য একাডেমি সম্মাননা, প্রেরণামূলক রেখাচিত্র সম্মাননা এবং মুনির মেজিয়েদ সাহিত্য পুরস্কার।

শুধু সাহিত্য নয়, গীতিকার হিসেবেও তিনি বাংলাদেশের সংগীতাঙ্গনে পরিচিত নাম। তার লেখা গানে আবেগ, ভাষার সৌন্দর্য এবং হৃদয়ছোঁয়া ভাবনার গভীরতা খুঁজে পান শিল্পীরা।

অন্যদিকে, উষা উত্থপ ভারতীয় সংগীতের এক জীবন্ত কিংবদন্তি। পাঁচ দশকেরও বেশি সময় ধরে তার স্বতন্ত্র কণ্ঠ, প্রাণবন্ত পরিবেশনা এবং অনন্য মঞ্চ উপস্থিতি কোটি শ্রোতার হৃদয় জয় করেছে। ‘হরি ওম হরি’, ‘রাম্বা হো’, ‘কোই ইয়াহাঁ আহা’ ও ‘ডার্লিং’-এর মতো জনপ্রিয় গান তাকে বিশ্বজুড়ে পরিচিতি এনে দিয়েছে।

ভারতীয় সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ উষা উত্থপ পেয়েছেন ভারতের রাষ্ট্রীয় সম্মাননা পদ্মশ্রী ও পদ্মভূষণ। এছাড়াও তিনি ফিল্মফেয়ার পুরস্কারে সেরা নারী নেপথ্য সংগীতশিল্পী হিসেবেও সম্মানিত হয়েছেন।

সংগীতপ্রেমীদের প্রত্যাশা, ভবিষ্যতেও দুই বাংলার শিল্পীদের এমন সৃজনশীল সহযোগিতা অব্যাহত থাকবে এবং বাংলা গান বিশ্বসংগীতের পরিসরে আরও সমৃদ্ধ হবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ