রবিবার

১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ ইস্যুতে নিরাপত্তা পরিষদে উত্তেজনা, মার্কিন খসড়ার বিরোধিতায় চীন

🕙 প্রকাশিত : ১৬ মে, ২০২৬ । ৫:৫৭ পূর্বাহ্ণ

হরমুজ প্রণালি ঘিরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র ও বাহরাইনের উত্থাপিত খসড়া প্রস্তাবের কড়া বিরোধিতা করেছে চীন। প্রস্তাবটিকে ‘অনুপযুক্ত’ ও ‘একপেশে’ আখ্যা দিয়ে বেইজিং জানিয়েছে, এটি বর্তমান সংকট সমাধানের পরিবর্তে পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী রাষ্ট্রদূত ফু চং বলেন, প্রস্তাবটির বিষয়বস্তু যেমন সঠিক নয়, তেমনি এটি উত্থাপনের সময়ও উপযুক্ত হয়নি। তিনি সতর্ক করে বলেন, এ ধরনের প্রস্তাব পাস হলে তা উত্তেজনা কমানোর বদলে নতুন করে অস্থিরতা সৃষ্টি করতে পারে।

কূটনৈতিক সূত্রগুলোর মতে, খসড়া প্রস্তাবটি ভোটাভুটিতে উঠলে চীন ও রাশিয়া যৌথভাবে ভেটো দিতে পারে। এর আগে গত মাসেও একই ধরনের একটি মার্কিন সমর্থিত প্রস্তাব চীন ও রাশিয়ার ভেটোতে আটকে যায়। তখনও দুই দেশ অভিযোগ করেছিল, প্রস্তাবের ভাষা ইরানের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট।

নিরাপত্তা পরিষদে জমা দেওয়া নতুন খসড়া প্রস্তাবে ইরানের প্রতি হরমুজ প্রণালিতে সামরিক হামলা ও মাইন স্থাপন বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। তবে বিশ্লেষকদের ধারণা, চীন ও রাশিয়ার বিরোধিতার কারণে প্রস্তাবটির অনুমোদন পাওয়া কঠিন হবে।

জাতিসংঘভিত্তিক সংবাদমাধ্যম ‘পাসব্লু’ প্রকাশিত এক ভিডিও সাক্ষাৎকারে ফু চং বলেন, বর্তমান পরিস্থিতিতে নিষেধাজ্ঞা বা নিন্দা প্রস্তাবের চেয়ে কূটনৈতিক আলোচনা বেশি প্রয়োজন। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত সংশ্লিষ্ট পক্ষগুলোকে আলোচনার টেবিলে ফিরিয়ে এনে একটি স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজে বের করা।

চীনের এই অবস্থানের ফলে হরমুজ প্রণালি ঘিরে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি এবং সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে বিশ্ব পরাশক্তিগুলোর দ্বন্দ্ব আরও তীব্র হয়ে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: আল জাজিরা

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ