শেরপুরে টানা পাহাড়ি ঢলে চেল্লাখালী নদীর বাঁধের প্রায় ১৫০ মিটার অংশ ভেঙে গিয়ে আশপাশের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। একই সঙ্গে জেলার কয়েকটি নদীর পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছায় বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে।
বুধবার (১৩ মে) নালিতাবাড়ী উপজেলার গোল্লারপাড় এলাকায় চেল্লাখালী নদীর বাঁধের একটি বড় অংশ ভেঙে যায়। এতে বিস্তীর্ণ ফসলি জমি ও নিচু এলাকা পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা জানান, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বাঁধে চাপ সৃষ্টি করে। একপর্যায়ে বাঁধ ভেঙে পানি লোকালয়ে ঢুকে পড়ে।
জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, মহারশি, ভোগাই, সোমেশ্বরী ও চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে সীমান্তবর্তী ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার নদী তীরবর্তী বিভিন্ন এলাকায় এখনো বোরো ধান কাটার কাজ শেষ হয়নি। হঠাৎ পানি বেড়ে যাওয়ায় কৃষকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই আশঙ্কা করছেন, পানি আরও বাড়লে পাকা ধান পানিতে ডুবে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে।
স্থানীয় কৃষকরা জানান, কয়েকদিনের বৃষ্টির পর উজানের ঢলে নদীগুলো ফুলে উঠেছে। দ্রুত পানি না কমলে কৃষিজমির বড় ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।

