লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় গভীর শোক প্রকাশের পাশাপাশি তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।
নিহতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের শফিকুল ইসলাম এবং আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের মো. নাহিদুল ইসলাম।
বৈরুতে বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী, সোমবার (১১ মে) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে নাবাতিয়েহর জেবদিন এলাকার একটি আবাসিক এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
মঙ্গলবার (১২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় সরকার গভীর উদ্বেগ প্রকাশ করছে। একইসঙ্গে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, লেবাননে বাংলাদেশ দূতাবাস নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। পাশাপাশি দূতাবাস নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গেও সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।
চলমান সহিংসতা ও বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে।
এর আগে, গত ৮ এপ্রিল বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় দিপালী বেগম নামে এক বাংলাদেশি নারী শ্রমিক নিহত হন।
লেবাননে ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত, উদ্বেগ ও নিন্দা জানিয়েছে ঢাকা
🕙 প্রকাশিত : ১২ মে, ২০২৬ । ১০:০৪ পূর্বাহ্ণ

