বুধবার

১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের ভেতরে ইউএই’র গোপন বিমান হামলার দাবি, বাড়ছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা

🕙 প্রকাশিত : ১২ মে, ২০২৬ । ৫:২৮ পূর্বাহ্ণ

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের মধ্যে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ইরানের অভ্যন্তরে গোপনে একাধিক বিমান হামলা চালিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি উঠেছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ধারাবাহিক হামলার জবাব দিতেই আবুধাবি এই গোপন সামরিক অভিযান পরিচালনা করে।

প্রতিবেদন অনুযায়ী, চলমান সংঘাতে ইরান ইসরায়েলের তুলনায় ইউএইকে বেশি লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। আমিরাতের বিভিন্ন শহর ও জ্বালানি অবকাঠামোয় প্রায় প্রতিদিনই হামলা চালানো হচ্ছিল বলে দাবি করা হয়। এর পরিপ্রেক্ষিতে ইউএই গোপন পাল্টা আক্রমণের পথ বেছে নেয়।

এতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঠিক আগে এই অভিযান চালানো হয়। অভিযানের অন্যতম লক্ষ্য ছিল পারস্য উপসাগরে অবস্থিত ইরানের লাভান দ্বীপের একটি তেল শোধনাগার, যেখানে এপ্রিলের শুরুতে হামলার ঘটনা ঘটে। যদিও সে সময় ইরান হামলার বিষয়টি স্বীকার করেছিল, তবে কোন দেশ এর পেছনে ছিল তা প্রকাশ করেনি।

পরে ওই ঘটনার জেরে ইরান সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে ইরানের ধারাবাহিক আক্রমণের মুখে পড়ে ইউএই তাদের প্রতিরক্ষা ও পাল্টা হামলার কৌশলে পরিবর্তন আনতে শুরু করেছে। এর আগে ইরানের ভেতরে সরাসরি হামলার মতো কোনো বড় পদক্ষেপ আমিরাতের পক্ষ থেকে প্রকাশ্যে জানা যায়নি।

এদিকে, গোপন এই অভিযানের তথ্য প্রকাশ্যে আসায় মধ্যপ্রাচ্যের কূটনৈতিক ও সামরিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা।

সূত্র: ফার্স্ট পোস্ট।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ