বৃহস্পতিবার

১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণের দেওয়া অঙ্গীকার পূরণে কাজ করবে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

🕙 প্রকাশিত : ৯ মে, ২০২৬ । ১১:০৭ পূর্বাহ্ণ

নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বিএনপির নির্বাচনী ইশতেহার এখন জনগণের ইশতেহারে পরিণত হয়েছে।
শনিবার (৯ মে) দুপুরে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) মিলনায়তনে বিএনপি এবং এর সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা নেতাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, “দেশের মানুষ আমাদের প্রতি নিরঙ্কুশ সমর্থন দিয়েছে। তাই নির্বাচনের আগে যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল, সেগুলো বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব।”

তিনি আরও বলেন, সাম্প্রতিক জাতীয় নির্বাচন ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং। সরকার পরিচালনায় দলীয় নেতাকর্মীদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, “বিএনপির নেতাকর্মীরা সহযোগিতা না করলে সরকার কার্যক্রম সফলভাবে পরিচালনা করা কঠিন হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় সরকার তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবে।”
দুপুর পৌনে ১২টার দিকে সভাস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তৃণমূল নেতাদের সঙ্গে এটিই ছিল তার প্রথম বড় সাংগঠনিক বৈঠক।
সভায় দলীয় শৃঙ্খলা রক্ষা, সাংগঠনিক কার্যক্রম জোরদার, স্থানীয় পর্যায়ের অন্তঃকোন্দল নিরসন এবং চেইন অব কমান্ড পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে নেতাকর্মীদের সরাসরি নির্দেশনা দেওয়া হয়।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান ও ডা. এজেডএম জাহিদ হোসেনসহ কেন্দ্রীয় নেতারা।
এছাড়া সভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন, সারোয়ার তুষার, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু, নুসরাত তাবাসসুম, যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ ও তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ