মানিকগঞ্জ সদর উপজেলার তরা বাজারে চুরির অভিযোগে গণপিটুনির শিকার হওয়ার পর কৃষ্ণ রাজবংশী (পালক পিতা: খুদিরাম রাজবংশী) নামে এক যুবকের রহস্যজনক আত্মহত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার সকালে মাছের আড়ত থেকে মাছ চুরির অভিযোগে কৃষ্ণসহ দুইজনকে আটক করে বাজার ব্যবস্থাপনা কমিটির লোকজন। পরে একজনকে জিম্মায় ছেড়ে দেওয়া হলেও কৃষ্ণকে মারধর করে কমিটির কার্যালয়ে আটকে রাখা হয়। অভিযোগ উঠেছে, দীর্ঘ সময় নির্যাতনের পর একপর্যায়ে তিনি কার্যালয়ের ভেতরে ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন।
ঘটনার পর বাজার কমিটির কয়েকজন সদস্য মরদেহ দ্রুত সরিয়ে নেওয়ার চেষ্টা করলে স্থানীয়দের বাধার মুখে তারা সেখান থেকে সরে যায়। স্থানীয়দের দাবি, সময়মতো পুলিশকে খবর না দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল।
এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এলাকাবাসীর দাবি, গণপিটুনি ও অবৈধ আটকের সঙ্গে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
এই মর্মান্তিক ঘটনা মানিকগঞ্জজুড়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগের জন্ম দিয়েছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার ভয়াবহ পরিণতি আবারও সামনে এলো।
মানিকগঞ্জে চুরির অভিযোগে গণপিটুনি : যুবকের আত্মহত্যা, গ্রে*প্তার ২
🕙 প্রকাশিত : ৬ মে, ২০২৬ । ২:০৭ অপরাহ্ণ

