যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান বাণিজ্য চুক্তি নিয়ে অযথা আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তি হঠাৎ করে বাতিল করার সুযোগ নেই, কারণ এটি একটি ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে কার্যকর রয়েছে। তিনি বলেন, “এটি একটি উত্তরাধিকারসূত্রে পাওয়া চুক্তি। তবে দেশের স্বার্থ রক্ষাই সরকারের প্রধান অগ্রাধিকার।”
তিনি আরও বলেন, চুক্তির কোনো ধারা যদি বাংলাদেশের স্বার্থের পরিপন্থি হয়, তাহলে সেটি পুনর্বিবেচনার সুযোগ চুক্তির মধ্যেই রয়েছে। তাই এ নিয়ে অহেতুক উদ্বেগ না ছড়িয়ে বাস্তব পরিস্থিতি বোঝার ওপর জোর দেন তিনি।
উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের আরোপিত অতিরিক্ত শুল্কের প্রভাব কমাতে ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে একটি পারস্পরিক শুল্ক (রিসিপ্রোকাল ট্যারিফ) চুক্তি স্বাক্ষরিত হয়।
বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সাবেক বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষে স্বাক্ষর করেন দেশটির বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের সাবেক বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ।

