অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত ও কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
সোমবার (৪ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন জমা দেন। রিটে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ রয়েছে কি না, তা অনুসন্ধানের জন্য একটি কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে।
আইনজীবী মোহসিন রশিদ গণমাধ্যমকে বলেন, রিটে অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে নেওয়া বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত, প্রণীত আইন, সংস্কার কমিশন গঠন এবং দেশীয় ও আন্তর্জাতিক চুক্তির বৈধতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। তিনি জানান, বিকেলে হাইকোর্টে আবেদনটি শুনানির জন্য উপস্থাপনের চেষ্টা করা হবে।
রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিবসহ সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।
এর আগে একই আইনজীবী বর্তমান সরকারের শপথ গ্রহণ ও গঠন প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে আরেকটি রিট দায়ের করেছিলেন। তবে হাইকোর্টের একটি বেঞ্চ সেই আবেদন খারিজ করে দেন। পরে ওই আদেশের বিরুদ্ধে করা আপিলের পর সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী সরকারের বৈধতা বহাল রাখেন।

