দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে ‘দৌলতদিয়া-পাটুরিয়া-কাজীরহাট’ রুটে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের দাবি আবারও জোরালো হয়েছে। বর্তমান সরকারের সময়েই এ প্রকল্প বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
রোববার (৩ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুইটি পদ্মা সেতুর কথা বলেছিলেন। দীর্ঘদিন ধরে এই রুটে সেতু নির্মাণের দাবি থাকলেও তা বাস্তবায়িত হয়নি।
তিনি আরও বলেন, ছাত্রজীবন থেকেই এই সড়কে পদ্মা সেতুর দাবি শুনে আসছেন। অতীতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ ব্যবসা-বাণিজ্য ও শিক্ষায় এগিয়ে থাকলেও যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে এখন নানা ভোগান্তির শিকার হচ্ছেন।
দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন পরিষদের সভাপতি ডা. আবু তোহা বলেন, ‘দৌলতদিয়া-পাটুরিয়া-কাজীরহাট’ রুটে দ্বিতীয় পদ্মা সেতু এখন সময়ের দাবি। এটি বাস্তবায়ন হলে শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে না, বরং দেশের অর্থনীতি, শিল্পায়ন ও আঞ্চলিক বৈষম্য কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি জানান, বর্তমান ফেরি নির্ভর যোগাযোগব্যবস্থা অনির্ভরশীল ও ঝুঁকিপূর্ণ। বিশেষ করে শীত মৌসুমে ঘন কুয়াশা এবং বিভিন্ন দুর্ঘটনার কারণে মানুষের দুর্ভোগ চরমে পৌঁছায়। সেতু নির্মিত হলে এই অনিশ্চয়তা দূর হবে এবং রাজধানীর সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ হবে দ্রুত ও নিরাপদ।
আলোচনায় বক্তারা আরও বলেন, এই সেতু বাস্তবায়ন হলে মানিকগঞ্জসহ আশপাশের জেলাগুলোর সঙ্গে রাজধানীর সরাসরি যোগাযোগ সহজ হবে। পাশাপাশি সাভার শিল্পাঞ্চলের সঙ্গে সংযোগ বাড়ায় নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং ফেরি চলাচলজনিত দুর্ঘটনাও কমে আসবে।

