প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার অভিমানে মাদারীপুরের শিবচরে ৪৬০ ফুট উঁচু একটি বৈদ্যুতিক টাওয়ারে উঠে লাফ দেওয়ার হুমকি দেন হাসান শিকদার (২২) নামে এক যুবক। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের চেষ্টায় প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর তাকে নিরাপদে নিচে নামানো হয়।
রোববার (৩ মে) সন্ধ্যার পর শিরুয়াইল ইউনিয়নের দফাদারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, শিবচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মৃত সূর্য শিকদারের ছেলে হাসান শিকদারের সঙ্গে তার প্রেমিকার সম্পর্কের বিচ্ছেদ ঘটে। তা মেনে নিতে না পেরে তিনি প্রেমিকার বাড়ির কাছাকাছি একটি বৈদ্যুতিক টাওয়ারে উঠে পড়েন। সেখান থেকে ফোনে প্রেমিকাকে সম্পর্ক বজায় রাখতে এবং ঘটনাস্থলে আসতে অনুরোধ করেন। অন্যথায় নিচে লাফিয়ে আত্মহত্যা করবেন বলে হুমকি দেন।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে হাসানের এক বন্ধু দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে নামাতে চেষ্টা করেন, তবে প্রথমে তিনি রাজি হননি। পরে খবর পেয়ে শিবচর থানা পুলিশ, নিলখী তদন্ত কেন্দ্রের পুলিশ, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুতের কর্মী ও পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ সময় ধরে তাকে বোঝানোর চেষ্টা করেন।
অবশেষে রাত সাড়ে ১০টার দিকে বন্ধুর সহায়তায় হাসান টাওয়ার থেকে নিচে নেমে আসেন। পরে সম্ভাব্য জনরোষ এড়াতে পুলিশ তাকে নিরাপত্তার মধ্যে থানায় নিয়ে যায় এবং পরিবারের কাছে হস্তান্তর করে।
এদিকে, যুবক টাওয়ারে ওঠার পর থেকেই ঘটনাস্থলে হাজারো উৎসুক জনতার ভিড় জমে।
স্থানীয়রা জানান, প্রেমের সম্পর্ক টিকিয়ে রাখতে চাপ সৃষ্টি করতেই তিনি এ ধরনের পদক্ষেপ নিয়েছিলেন।
শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তপন কুমার ঘোষ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় ধরে ফোনে বুঝিয়ে-শুনিয়ে ওই যুবককে নিরাপদে নিচে নামানো সম্ভব হয়েছে।
প্রেম বিচ্ছেদে ৪৬০ ফুট টাওয়ারে যুবক, সাড়ে ৪ ঘণ্টা পর নিরাপদে উদ্ধার
🕙 প্রকাশিত : ৪ মে, ২০২৬ । ৫:৪৯ পূর্বাহ্ণ

