রবিবার

৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জের শিবালয়ে খাল খনন কর্মসূচি উদ্বোধন

🕙 প্রকাশিত : ৩ মে, ২০২৬ । ৮:৫২ পূর্বাহ্ণ

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় খাল পুনঃখনন কাজে অংশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন অতি দরিদ্র নারী শ্রমিকরা। দীর্ঘদিন পর নিয়মিত কাজের সুযোগ পেয়ে তারা পরিবার চালাতে কিছুটা স্বস্তি পাচ্ছেন বলে জানান। একই সঙ্গে সরকারের ফ্যামিলি কার্ড সুবিধা চালুর প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।

রোববার (৩ মে) দুপুরে উপজেলার উলাইল খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধনের পর শ্রমিকরা তাদের অনুভূতি প্রকাশ করেন। এর আগে সকাল সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা রাণী কর্মকার সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাহমিনা আক্তার, উলাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আনিসুর রহমান, জেলা যুবদলের আহ্বায়ক কাহী মোশতাক হোসেন দীপুসহ স্থানীয় জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় আমডালা খালের প্রায় সাড়ে চার কিলোমিটার অংশ পুনঃখনন করা হবে। ৪০ দিনের এই কর্মসূচিতে অংশ নেওয়া শ্রমিকদের দৈনিক ৫০০ টাকা হারে মোট ২০ হাজার টাকা প্রদান করা হবে।

অনুষ্ঠানে সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর বলেন, স্বাধীনতার পর থেকে খাল খনন কর্মসূচি কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তিনি দাবি করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মানিকগঞ্জ থেকেই খাল খনন কর্মসূচির সূচনা করেছিলেন এবং বর্তমান সরকার সেই ধারাবাহিকতায় দেশব্যাপী এ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, খাল খননের মাধ্যমে কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি, সারাবছর ফসল উৎপাদন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হচ্ছে। পাশাপাশি দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি করাও এ উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ