একদিনের সরকারি সফরে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) সকাল ১০টার দিকে তাকে বহনকারী ফ্লাইট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুত্তাদীর, শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক কাইয়ুম চৌধুরী, বিভাগীয় কমিশনার মশিউর রহমান, জেলা প্রশাসক সারওয়ার আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সেখান থেকে প্রধানমন্ত্রী সরাসরি হযরত শাহ জালাল (র.) মাজারে জিয়ারতের উদ্দেশ্যে রওনা হন। পরে তিনি খাদিম নগরে হযরত শাহ পরাণ (র.) মাজারেও যাবেন।
অতিরিক্ত প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান রয়েছেন। সফরকালে খাল খনন কর্মসূচি, ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’সহ বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়ে রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে।
মাজার জিয়ারতের পর সকাল ১১টায় নগরের চাঁদনীঘাট এলাকায় জলাবদ্ধতা নিরসনে সিলেট সিটি করপোরেশনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী এবং সেখানে একটি সুধী সমাবেশে যোগ দেবেন। এরপর দুপুর ১২টায় সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে বাইশা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন।
পরে সার্কিট হাউজে জোহরের নামাজ আদায় ও মধ্যাহ্নভোজ শেষে বিকাল ৩টায় সিলেট স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। জেলা পর্যায় থেকে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে এ উদ্যোগ নেওয়া হয়েছে, যা বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতির অংশ।
বিকাল ৫টায় শিল্পকলা একাডেমিতে দলীয় জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা সিলেট থেকেই শুরু করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ২১ জানুয়ারি আলিয়া মাদ্রাসা মাঠে জনসভার মাধ্যমে সেই কর্মসূচির সূচনা হয়। প্রধানমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম সিলেট সফর।
প্রধানমন্ত্রীর প্রথম সিলেট সফর, দিনব্যাপী ব্যস্ত কর্মসূচি
🕙 প্রকাশিত : ২ মে, ২০২৬ । ৪:৪৭ পূর্বাহ্ণ

