জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের খোঁজ নিতে তার বাসায় গিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (১ মে) বিকেলে তিনি সারজিস আলমের বাসায় যান।
এ সময় জামায়াত আমিরের সঙ্গে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইন উপস্থিত ছিলেন। সফরকালে ডা. শফিকুর রহমান সারজিস আলমের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২৮ এপ্রিল) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সারজিস আলমকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকদের পরামর্শে তার মূত্রনালীর সফল অস্ত্রোপচার সম্পন্ন করা হয়।

