পুঁজিবাজার ও বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার শীর্ষ পদে নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা তুলে দিয়ে দুটি সংশোধনী বিল জাতীয় সংসদে পাস হয়েছে। এর ফলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ও সদস্য পদে আর নির্দিষ্ট বয়সসীমা প্রযোজ্য থাকবে না।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে বিল দুটি কণ্ঠভোটে পাস হয়। অধিবেশনে বিল দুটি উত্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সংশোধনী অনুযায়ী, ‘বিএসইসি আইন, ১৯৯৩’ পরিবর্তন করে কমিশনের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে পূর্বের ৬৫ বছরের বয়সসীমা বাতিল করা হয়েছে। একইভাবে ‘আইডিআরএ আইন, ২০১০’ সংশোধনের মাধ্যমে চেয়ারম্যান ও সদস্য পদে বিদ্যমান ৬৭ বছরের বয়সসীমা সংক্রান্ত অযোগ্যতার বিধান তুলে দেওয়া হয়েছে।
বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে বলা হয়, পুঁজিবাজার ও বিমা খাতের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অভিজ্ঞ, দক্ষ ও প্রজ্ঞাসম্পন্ন ব্যক্তিদের দায়িত্ব দেওয়ার সুযোগ বাড়াতে আইনগুলো সময়োপযোগী করা প্রয়োজন। সংশোধনের অংশ হিসেবে আইডিআরএ আইনের ধারা ৭-এর উপধারা ৩ থেকে বয়সসীমা সংক্রান্ত ‘ছ’ দফা বিলুপ্ত করা হয়েছে এবং সংশ্লিষ্ট ভাষাগত পরিবর্তন আনা হয়েছে।
তবে বিল দুটি নিয়ে সংসদে কিছু আপত্তিও ওঠে। বিরোধীদলীয় সংসদ সদস্যরা এর বিপক্ষে ভোট দেন। এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন বলেন, সরকার সংখ্যাগরিষ্ঠ হওয়ায় আইন পাস করতে পারলেও বিলগুলোর বিষয়বস্তু নিয়ে পর্যাপ্ত ব্যাখ্যা দেওয়া হয়নি।
তিনি আরও বলেন, সংক্ষিপ্ত ভাষার কারণে বিলগুলোকে সাধারণ মনে হলেও বাস্তবে বিএসইসির ক্ষেত্রে ৬৫ বছর এবং আইডিআরএ’র ক্ষেত্রে ৬৭ বছরের যে বয়সসীমা ছিল, তা পুরোপুরি বাতিল করা হয়েছে।
নতুন এ আইনি পরিবর্তনের ফলে ভবিষ্যতে অভিজ্ঞ ব্যক্তিদের দীর্ঘ সময় এসব গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক সংস্থায় দায়িত্ব পালনের সুযোগ তৈরি হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
নিয়ন্ত্রক সংস্থার শীর্ষ পদে বয়সসীমা বাতিল, সংসদে পাস সংশোধনী বিল
🕙 প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২৬ । ১০:১৬ পূর্বাহ্ণ

