বুধবার

২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

টানা বৃষ্টিতে নদীর পানি বিপৎসীমার ওপরে, পাঁচ জেলায় বন্যার শঙ্কা

🕙 প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৬ । ১০:৪৫ পূর্বাহ্ণ

দেশজুড়ে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের প্রভাবে চারটি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। এতে মৌলভীবাজার, নেত্রকোনা, সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ—এই পাঁচ জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

সংস্থাটির তথ্য অনুযায়ী, মৌলভীবাজার ও নেত্রকোনার নিম্নাঞ্চলে ইতোমধ্যে বন্যা শুরু হয়েছে। পাশাপাশি সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলাতেও বন্যার ঝুঁকি বাড়ছে, কারণ এসব এলাকার নদ-নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতীম বড়ুয়া বুধবার (২৯ এপ্রিল) সকালে জানান, চলমান ভারী বৃষ্টিপাতের কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

এর আগে মঙ্গলবার (২৮ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তর দেশের আট বিভাগের বিভিন্ন স্থানে পরবর্তী ৯৬ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেয়। মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টি বুধবারও অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলীতে ১৬১ মিলিমিটার। এছাড়া ভোলায় ১৫১ মিলিমিটার এবং ফেনীতে ১৪৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, বৃষ্টিপাত একটানা না হয়ে থেমে থেমে বিভিন্ন এলাকায় হতে পারে এবং এই পরিস্থিতি আগামী ৪ মে পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে ভুগাই কংস, মনু, সোমেশ্বরী ও মগরা নদীর পানি বর্তমানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে মনু নদী ছাড়া বাকি তিনটি নদী নেত্রকোনা জেলার মধ্য দিয়ে প্রবাহিত। এছাড়া সুরমা ও কুশিয়ারা নদীর পানিও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, পাহাড়ি ও ছোট নদীগুলোতে ভারী বৃষ্টির প্রভাবে দ্রুত পানি বাড়ে। তবে বৃষ্টিপাত কমে গেলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলে আশা করা হচ্ছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ