মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় সিংগাইর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি: (ইউসিসিএ লি:)–এর ৩৬তম বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০টায় বিআরডিবি’র হলরুমে এ সভা আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন- ইউসিসিএ লি:–এর সভাপতি আক্তারুজ্জামান সুরুজ এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিআরডিবি’র মাঠ সংগঠক একেএম রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন – উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাজেদুল ইসলাম, কৃষি কর্মকর্তা হাবিবুল বাশার চৌধুরী, পল্লী উন্নয়ন কর্মকর্তা ইব্রাহিম হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল ছালেক, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা নার্গিস আক্তার ও ইউসিসিএ লি:–এর সাবেক সভাপতি নূরুল ইসলাম প্রমুখ। এ সময় উপজেলার ৬৭টি সমবায় সমিতির কৃষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ১৯৭৮ সালে সিংগাইরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) প্রতিষ্ঠার পর সমবায় কার্যক্রমের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে। প্রান্তিক কৃষকদের সংগঠিত করে গভীর নলকূপ স্থাপনসহ নানা উদ্যোগ কৃষি উৎপাদনে নতুন দিগন্ত উন্মোচন করে।
তারা আরও বলেন, দারিদ্র্যই সকল সমস্যার মূল, আর তা দূরীকরণে সমবায়ভিত্তিক কার্যক্রম অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে। বিআরডিবি সমবায়ের মাধ্যমে কৃষক ও গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
সভায় সমবায় কার্যক্রমকে আরও গতিশীল করা, কৃষকদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানটি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), সিংগাইর-এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়।

