বুধবার

২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার বাইরে সমান উন্নয়ন: সারাদেশে বেসিক সুবিধা পৌঁছে দিতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রধানমন্ত্রীর

🕙 প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৬ । ৮:১০ পূর্বাহ্ণ

দেশজুড়ে মানুষের জীবনমান উন্নয়নে বেসিক সুবিধা বিকেন্দ্রীকরণের ওপর গুরুত্বারোপ করেছেন সংসদনেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দীর্ঘদিন ধরে অধিকাংশ সুযোগ-সুবিধা ঢাকাকেন্দ্রিক হওয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ রাজধানীমুখী হচ্ছে। এই প্রবণতা কমাতে সারাদেশে ধাপে ধাপে প্রয়োজনীয় সেবা ও অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী এ কথা জানান। সংসদের ২৪তম কার্যদিবসে তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে উন্নত চিকিৎসাসেবা এবং মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনে সরকার কাজ করছে, যাতে স্থানীয় পর্যায়েই মানুষ প্রয়োজনীয় সেবা পায়।
রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতায় আগামী পাঁচ বছরে পাঁচ লাখ গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। মেট্রোরেলের নিচের খালি জায়গা—মিরপুর ১২ থেকে ডিওএইচএস পর্যন্ত এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের আব্দুল্লাহপুর থেকে ফার্মগেট অংশের নিচে বৃক্ষরোপণ করা হবে।
এছাড়া মা ও শিশু সহায়তা কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনার কথাও জানান তিনি। এই কর্মসূচিতে আর্থিক সহায়তার পরিমাণ ও উপকারভোগীর সংখ্যা বাড়ানোর পাশাপাশি প্রসবপূর্ব ও প্রসব-পরবর্তী সেবা, টিকাদান এবং প্রাতিষ্ঠানিক প্রসব অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ