ঝড় ও দমকা হাওয়ার কারণে সাময়িকভাবে বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সবধরনের নৌযান চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে। প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকার পর রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ফেরি চলাচল শুরু হয়।
এর আগে বিকেল ৪টা ২৫ মিনিট থেকে আকস্মিক ঝড়ো বাতাস ও ভারী বৃষ্টিপাতের কারণে নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তা বিবেচনায় কর্তৃপক্ষ ফেরিসহ সব নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখে।
এ সময় দৌলতদিয়া ও পাটুরিয়া উভয় ঘাটে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়, ফলে যাত্রীদের দুর্ভোগ বাড়ে।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে নিরাপত্তা নিশ্চিত করে পুনরায় নৌযান চলাচল শুরু করা হয়। বর্তমানে নৌরুটে চলাচল স্বাভাবিক রয়েছে।


