হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে। একই সময়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৮ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৮৪ শিশু।
রোববার (২৬ এপ্রিল) সকালে মমেক হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ২১ এপ্রিল সাড়ে তিন বছর বয়সী এক শিশুকন্যাকে হামের উপসর্গ ও নিউমোনিয়া নিয়ে ত্রিশাল থেকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, গত ১৭ মার্চ থেকে ২৬ এপ্রিল সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৮৫৬ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে আরও ৩৩ শিশু। এ নিয়ে মোট ৭৫৫ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, চিকিৎসা সেবা জোরদার করতে তিনটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলায় স্থাপিত হাম আইসোলেশন ওয়ার্ডে এসব রোগীর চিকিৎসা চলছে। চিকিৎসক ও নার্সরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে সেবা প্রদান করছেন বলে তিনি উল্লেখ করেন।

