মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের ষাইটঘর তেওতা গ্রামে সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনায় জায়গা সংকটের কারণে খাস জমি লিজ বৃদ্ধির দাবি জানিয়েছেন স্থানীয় এক নারী উদ্যোক্তা।
জানা যায়, মরহুম সিনিয়র সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম খানের কন্যা সাবেকুন্নাহার এশা তার পিতার প্রতিষ্ঠিত সামাজিক উদ্যোগগুলো এগিয়ে নিতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। বর্তমানে তার পরিবারের নামে ৭ শতাংশ সরকারি লিজকৃত জমিতে বসবাসের পাশাপাশি সীমিত পরিসরে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এই কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে দরিদ্র মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প, নারীদের তথ্যসেবা প্রদান এবং অসহায় নারীদের জন্য বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ। তবে জমির স্বল্পতার কারণে এসব কার্যক্রম সম্প্রসারণে বাধার মুখে পড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সাবেকুন্নাহার এশা বলেন, “আমাদের পাশে সংলগ্ন সরকারি খাস জমি থাকলেও জায়গা সংকীর্ণ হওয়ায় আমরা ঠিকভাবে প্রশিক্ষণ ও সেবা কার্যক্রম চালাতে পারছি না। অতিরিক্ত ৫ শতাংশ জমি লিজ পেলে আরও বেশি মানুষকে সেবা দিতে পারবো।”
তিনি আরও জানান, সরকারি নিয়ম অনুযায়ী খাস জমি প্রয়োজন অনুযায়ী বরাদ্দ দেওয়ার সুযোগ রয়েছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন করা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অনেকেই এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তারা জানান, এই কার্যক্রমগুলো চালু থাকলে এলাকার অসহায় মানুষ বিশেষ করে নারীরা উপকৃত হবেন।
মানিকগঞ্জ জেলা ও যমুনা টেলিভিশনের সিনিয়র সাংবাদিক বিএম খোরশেদ জানান, এই প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে জেলা-উপজেলার ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সাংবাদিকদের এগিয়ে আসা উচিত তাদের কল্যাণে। কারণ এই উদ্যোগটি মহৎ।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
ছবি- জায়গা সংকট দূর হলে উপকৃত হবে হাজারো নারী। সেই সাথে মাসে ফ্রি মেডিকেল ক্যাম্প হবে শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে।

