শুক্রবার

২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওমরাহ যাত্রায় বাধা, হাইকোর্টে ১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

🕙 প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৬ । ৭:১৫ পূর্বাহ্ণ

ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘আটকে’ দেওয়ার অভিযোগে এক কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন নারায়ণগঞ্জের বাসিন্দা ফাতেমা বেগম।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান (মামুন) তার পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন। রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রধান এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন ওসিকে বিবাদী করা হয়েছে।

রিটে উল্লেখ করা হয়, সংবিধানের ৩৬ ও ৪১ অনুচ্ছেদ অনুযায়ী নাগরিকের স্বাধীনভাবে চলাফেরা ও ধর্মচর্চার অধিকার মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত। ফাতেমা বেগম একজন ধর্মপ্রাণ বয়োজ্যেষ্ঠ নারী হিসেবে ওমরাহ পালনের উদ্দেশ্যে বিমানবন্দরে গেলেও বৈধ পাসপোর্ট ও ভিসা থাকা সত্ত্বেও কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই তাকে বিমানে উঠতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

আবেদনে বলা হয়, তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা বা আদালতের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা না থাকা সত্ত্বেও এ ধরনের পদক্ষেপ আপিল বিভাগের প্রতিষ্ঠিত রায়ের পরিপন্থী।

রিটে আরও উল্লেখ করা হয়, দীর্ঘ প্রতীক্ষার পর ওমরাহ পালন করতে না পারায় তিনি গভীর মানসিক আঘাত ও ট্রমার শিকার হয়েছেন, যা তার জন্য অপূরণীয় ক্ষতি। এ ঘটনাকে ‘সাংবিধানিক দায়’ (কনস্টিটিউশনাল টর্ট) হিসেবে উল্লেখ করে ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

আবেদনে বিবাদীদের কাছ থেকে এক কোটি টাকা ক্ষতিপূরণ আদায়ের নির্দেশনা চাওয়ার পাশাপাশি রুল নিষ্পত্তির আগেই জরুরি ভিত্তিতে ১০ লাখ টাকা অন্তর্বর্তীকালীন ক্ষতিপূরণ দেওয়ার আবেদন জানানো হয়েছে।

আইনজীবী জানিয়েছেন, রিটটি শিগগিরই হাইকোর্টের দ্বৈত বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ