বৃহস্পতিবার

২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিট বন্ধ, উত্তরে বিদ্যুৎ সংকট

🕙 প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৬ । ১২:০৮ অপরাহ্ণ

যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। কয়লার সঙ্গে পাথর মিশে আসায় বয়লার পাইপ ফেটে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (২২ এপ্রিল) রাত ১০টার দিকে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিটটি হঠাৎ বন্ধ হয়ে যায়। এর আগে কেন্দ্রটির বাকি দুটি ইউনিট দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। ফলে চালু থাকা একমাত্র ইউনিটটিও বন্ধ হয়ে যাওয়ায় পুরো কেন্দ্রের উৎপাদন কার্যক্রম স্থবির হয়ে পড়ে।

এতে দিনাজপুরসহ উত্তরাঞ্চলের অন্তত ৮ জেলায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, কয়লার সঙ্গে পাথর আসায় ১ নম্বর ইউনিটের বয়লার পাইপ ফেটে যায়। এর ফলে রাত ১০টা ১০ মিনিটে কেন্দ্রটির উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। তিনি জানান, বর্তমানে মেরামত কাজ চলছে এবং উৎপাদন পুনরায় চালু করতে ৪ থেকে ৫ দিন সময় লাগতে পারে।

বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের মোট তিনটি ইউনিট রয়েছে, যার সম্মিলিত উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় ইউনিটের ক্ষমতা ১২৫ মেগাওয়াট করে এবং তৃতীয় ইউনিটের ক্ষমতা ২৭৫ মেগাওয়াট।

তবে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দ্বিতীয় ইউনিটটি ২০২০ সালের নভেম্বর থেকে বন্ধ রয়েছে। এছাড়া ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কারণে গত বছরের ১ নভেম্বর থেকে বন্ধ রয়েছে। সব মিলিয়ে দীর্ঘদিনের সীমাবদ্ধতার মধ্যেই চলছিল কেন্দ্রটি, যার ফলে সাম্প্রতিক এই ত্রুটিতে পুরো উৎপাদন ব্যবস্থা ভেঙে পড়ে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ