আগামী জুলাই মাস থেকে দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পাটজাত স্কুল ব্যাগ ও ইউনিফর্ম বিতরণ শুরু করবে সরকার। দেশীয় পণ্যের ব্যবহার বাড়ানো এবং শিক্ষার্থীদের মধ্যে সমতা নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন।
তিনি জানান, পাইলট প্রকল্প হিসেবে প্রথম ধাপে দেশের প্রতিটি উপজেলায় দুটি করে প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে পাটজাত ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করা হবে। জুলাই মাস থেকেই এই কার্যক্রম শুরু হবে এবং প্রথম মাসেই প্রায় এক লাখের বেশি শিক্ষার্থী এ সুবিধার আওতায় আসবে।
মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ‘মেড ইন বাংলাদেশ’ পণ্য দেশজুড়ে ছড়িয়ে দেওয়ার অংশ হিসেবে কোমলমতি শিক্ষার্থীদের হাতে এসব পণ্য তুলে দেওয়া হবে। এর মাধ্যমে ধনী-দরিদ্র বৈষম্য কমিয়ে সমাজে ন্যায্যতা ও সমতা প্রতিষ্ঠার পথ সুগম হবে।
তিনি আরও বলেন, তৃণমূল থেকে শুরু করে ধাপে ধাপে সারাদেশে একই ধরনের পোশাক ও ব্যাগ পৌঁছে দেওয়া হবে। এতে দেশীয় শিল্পের বিকাশের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সমতার পরিবেশ গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

