দেশে জ্বালানি তেলের মজুত বা সরবরাহে কোনো বড় ধরনের সংকট নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ার প্রবণতাই বর্তমান পরিস্থিতির মূল কারণ।
মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
ডা. জাহেদ উর রহমান বলেন, “চলতি মাসের ১৯ এপ্রিল পর্যন্ত দেশে ১ লাখ ২২ হাজার ৬৩৩ মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে। জ্বালানি তেলের সরবরাহে বড় কোনো ঘাটতি নেই, আরও জাহাজ আসছে।” তবে কিছু জায়গায় বেশি দামে জ্বালানি বিক্রি এবং ‘চাহিদা ভীতি’র কারণে মানুষ অতিরিক্ত জ্বালানি সংগ্রহ করছে, যা সংকটের ধারণা তৈরি করছে বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, বৈশ্বিক পরিস্থিতির প্রভাব সব দেশেই পড়ছে। জ্বালানির দাম বাড়লেও সরকার চেষ্টা করবে যেন পরিবহন ভাড়া কম মাত্রায় সমন্বয় করা যায় এবং পণ্যের দামও সেই অনুযায়ী নিয়ন্ত্রণে রাখা হয়।
সরকারের ব্যাংক ঋণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, গত দুই মাসে সরকার ৭৩ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে, যার প্রভাব জনগণের ওপর পড়তে পারে। তবে এটি এখনো ঝুঁকিপূর্ণ পর্যায়ে যায়নি এবং জনকল্যাণের জন্যই এ ঋণ নেওয়া হচ্ছে।
এদিকে রাজধানীতে ফুটপাত দখলমুক্ত করতে আটটি স্থানে নৈশবাজার স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি।
এছাড়া আঞ্চলিকভাবে পহেলা বৈশাখ উদযাপনের পরিকল্পনার কথাও তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশসহ মিয়ানমার, কম্বোডিয়া ও ভারতের দক্ষিণাঞ্চলে নববর্ষ উদযাপনকে ঘিরে সমন্বিত উদ্যোগ নেওয়ার চিন্তা করা হচ্ছে।

