ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে টানা চার দিন বন্ধ থাকবে লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম।
ভারতের ১৭তম পশ্চিমবঙ্গ বিধানসভা সাধারণ নির্বাচন উপলক্ষে ২১, ২২ ও ২৩ এপ্রিল পর্যন্ত তিন দিন সীমান্ত এলাকায় নিষেধাজ্ঞা জারি করেছে ভারতের নির্বাচন কমিশন ও পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী কর্মকর্তা। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস) ২০২৩-এর ১৬৩ ধারা অনুযায়ী এ নির্দেশনা কার্যকর করা হয়েছে।
এদিকে বাংলাদেশে শুক্রবার (২৪ এপ্রিল) সরকারি ছুটি থাকায় মোট চার দিন বন্ধ থাকবে এ স্থলবন্দর। বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ।
জানা গেছে, ভারতের কোচবিহার জেলার ম্যাজিস্ট্রেট শ্রী জিতিন যাদব স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে বিষয়টি জানায়।
চিঠিতে উল্লেখ করা হয়, নির্বাচন চলাকালে ২১ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত সীমান্ত সিলমোহর ও চলাচল নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। ফলে ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দর বন্ধ থাকবে এবং এর প্রভাবে বুড়িমারী স্থলবন্দর দিয়েও পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ থাকবে।
বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন জানিয়েছে, আগামী ২৫ এপ্রিল থেকে বন্দরের কার্যক্রম পুনরায় স্বাভাবিকভাবে চালু হবে।
এ বিষয়ে কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ, বিজিবি-বিএসএফ, আমদানি-রপ্তানিকারক সংগঠন, শ্রমিক সংগঠনসহ সংশ্লিষ্ট সব পক্ষকে চিঠির মাধ্যমে অবহিত করা হয়েছে।
অন্যদিকে ইমিগ্রেশন সূত্র জানিয়েছে, এ সময় জরুরি চিকিৎসাসেবা সংক্রান্ত ভিসাধারী যাত্রী ও ভারতীয় নাগরিকদের সীমিত পরিসরে যাতায়াতের অনুমতি থাকবে। তবে সাধারণ যাত্রী পারাপার বন্ধ থাকবে।
বুড়িমারী স্থলবন্দর পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাইফুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের উপকমিশনার (ডিসি) মহী উদ্দিন বলেন, পশ্চিমবঙ্গের নির্বাচন উপলক্ষে বন্দর বন্ধের বিষয়ে সংশ্লিষ্টদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে এবং নির্দেশনার চিঠিও তাদের কাছে পৌঁছেছে।

