মুক্তির মাত্র দুই দিনের মধ্যেই ৫৫ লাখের বেশি দর্শক পেয়েছে ‘জখম’ নাটক, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। ধর্ষণের ঘটনা ও এর প্রতিক্রিয়াকে কেন্দ্র করে নির্মিত এই নাটকটি দর্শকদের আবেগ ছুঁয়ে গেছে বলে মত দিয়েছেন অনেকেই।
নাটকের গল্পে দেখা যায়, গ্রামের মধ্যবিত্ত পরিবারের চুপচাপ স্বভাবের মেয়ে রাইসা এবং সম্ভ্রান্ত, প্রাণবন্ত যৌথ পরিবারের ছেলে পার্থ—দুই ভিন্ন জগতের মানুষ একসময় ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়। তবে গল্পের মোড় ঘুরে যায় এক নির্মম ঘটনার পর, যা পুরো কাহিনিকে নতুন দিকে নিয়ে যায়।
ইউটিউবসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে নাটকটি নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া ইতিবাচক। একজন দর্শক মন্তব্য করেছেন, “খুব শক্তিশালী উপস্থাপনা। সমাজের অন্ধকার দিকটি তুলে ধরা হয়েছে।” আরেকজন লিখেছেন, “হাজারো নির্যাতিত নারীর বাস্তবতা তুলে ধরার জন্য ধন্যবাদ।”
নাটকটিতে পার্থ চরিত্রে তৌসিফ মাহবুবের অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়েছে। অনেক দর্শক তার অভিনয়কে “অসাধারণ” বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে পরিচালকের কাজ নিয়েও প্রশংসা করেছেন অনেকে।
ইমরাউল রাফাতের পরিচালনায় নির্মিত এই নাটকে রাইসা চরিত্রে অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, মনিরা আক্তার মিঠু, আনোয়ার শাহী, সাবিহা জামান, রিমু রেজা খন্দকার ও ইসরাত অতিথি প্রমুখ।
পরিচালক জানান, নাটকটি মূলত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিশোধের গল্প তুলে ধরেছে। মুক্তির প্রথম দিনেই ৪০ লাখের বেশি দর্শক পাওয়ার বিষয়টি তিনি দর্শকদের ইতিবাচক গ্রহণযোগ্যতার প্রমাণ হিসেবে উল্লেখ করেন।

