হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে, জরুরি অবস্থা জারির প্রয়োজন নেই: স্বাস্থ্যমন্ত্রী

🕙 প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৬ । ৮:৪১ এএম

দেশে হামের বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এ কারণে জরুরি অবস্থা ঘোষণা করার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, বর্তমান অবস্থাকে মহামারি হিসেবে দেখার সুযোগ নেই।

সোমবার (২০ এপ্রিল) নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, হামে প্রথম শিশু মৃত্যুর পরপরই সরকার দ্রুত আইসিইউ সুবিধাসহ প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি বলেন, স্বাস্থ্যখাতে পূর্ববর্তী সরকারের অব্যবস্থাপনার কারণে কিছু চ্যালেঞ্জ তৈরি হলেও বর্তমান সরকার তা মোকাবিলায় কাজ করছে।

তিনি আরও বলেন, শিশুদের পুষ্টি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে মায়ের দুধ খাওয়ানোর গুরুত্ব অপরিসীম। কিন্তু অনেক মা বিভিন্ন কারণে শিশুদের বুকের দুধ খাওয়াচ্ছেন না, যা উদ্বেগজনক। এর ফলে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে এবং হামের মতো রোগের ঝুঁকি বাড়ছে।

এ সময় তিনি রূপগঞ্জে স্বাস্থ্যসেবা উন্নয়নের পরিকল্পনার কথাও জানান। আগামী বাজেটে স্থানীয় সংসদ সদস্যের দাবির প্রেক্ষিতে ১০০ শয্যার একটি হাসপাতাল নির্মাণের আশ্বাস দেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে এবং ভবিষ্যতে এ ধরনের রোগ প্রতিরোধে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ