বিএনপি থেকে বহিষ্কারের পর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দেওয়ার যে আলোচনা ও গুঞ্জন ছড়িয়েছে, তা পুরোপুরি ভিত্তিহীন বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।
জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়চে ভেলে বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে বলেন, এনসিপিতে যোগ দেওয়ার বিষয়টি “একেবারেই গুজব” এবং এর সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই।
রুমিন ফারহানা জানান, বিএনপি থেকে বহিষ্কারের পর বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। এর মধ্যে এনসিপিও তাকে দলে যোগ দিয়ে একসঙ্গে কাজ করার প্রস্তাব দেয়। তবে তিনি সেই প্রস্তাবে সাড়া দেননি এবং বিষয়টি নিয়ে কোনো আগ্রহও দেখাননি।
তিনি আরও বলেন, এনসিপির নেতাদের পক্ষ থেকে দলে যুক্ত হওয়ার আহ্বান জানানো হলেও তিনি বিষয়টিকে গুরুত্ব দেননি এবং এ নিয়ে কোনো আলোচনা এগিয়ে নেননি।
বিএনপি থেকে বহিষ্কারের পর তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন মহলে নানা জল্পনা-কল্পনা চললেও, সাম্প্রতিক এই মন্তব্যের মাধ্যমে সেই গুঞ্জনের অবসান ঘটেছে বলে মনে করা হচ্ছে।

