শনিবার

১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে দুদকের মামলায় সাবেক মেয়র রমজান আলী কারাগারে

🕙 প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৬ । ৯:৩৯ পূর্বাহ্ণ

মানিকগঞ্জে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি রমজান আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ এস কে এম তোফায়েল হাসান তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, ২০০৭ সালে দুর্নীতির অভিযোগে রমজান আলীর বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করে দুদক। এর মধ্যে একটি মামলা উচ্চ আদালতের নির্দেশে স্থগিত থাকলেও বাকি দুটি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে। এসব মামলার শুনানিতে দীর্ঘদিন অনুপস্থিত থাকায় গত ফেব্রুয়ারিতে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
বৃহস্পতিবার দুপুরে রমজান আলী আদালতে হাজির হয়ে দুটি মামলায় জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার অনুযায়ী, ১৯৯৮-৯৯ সালে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পৌর সুপার মার্কেটের দক্ষিণ পাশের নিচু জায়গা ভরাটের কাজ দেওয়া হয় মেসার্স মহুয়া কনস্ট্রাকশনের মালিক আমিরুল ইসলামকে। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই একই কাজ বারবার বর্ধিত করে ঠিকাদারের সঙ্গে যোগসাজশে পৌরসভার তহবিল থেকে ৪ লাখ ২২ হাজার ৭৮০ টাকা আত্মসাৎ করেন তৎকালীন মেয়র রমজান আলী।
অন্য একটি মামলায় বলা হয়, ১৯৯৮ থেকে ২০০৫ সাল পর্যন্ত কাঁচাবাজার এলাকার একটি ডোবা ভরাটের কাজেও একই ধরনের অনিয়মের মাধ্যমে ৩ লাখ ২৫ হাজার ৩৩০ টাকা আত্মসাৎ করা হয়। এ দুটি ঘটনায় ২০০৭ সালের ৩ মে রমজান আলী ও আমিরুল ইসলামের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় মামলা দায়ের করে দুদক।
দুদকের তদন্ত শেষে ২০০৮ সালের ৩ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। দুটি মামলায় সহআসামি আমিরুল ইসলামকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হলেও বর্তমানে তিনি জামিনে রয়েছেন।
মানিকগঞ্জে দুদকের আইনজীবী দেওয়ান মিজানুর রহমান জানান, দীর্ঘদিন আদালতে অনুপস্থিত থাকার পর রমজান আলী আজ হাজির হয়ে জামিন আবেদন করেন, যা আদালত নামঞ্জুর করেন।
এদিকে আসামিপক্ষের আইনজীবী এ টি এম শাহজাহান বলেন, অসুস্থতার কারণে রমজান আলী আদালতে হাজির হতে পারেননি। তাঁরা পুনরায় জামিন আবেদন করবেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ