শুক্রবার

১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক ও ইভটিজিং দমনে এমপি জিন্নাহ কবিরের কঠোর হুঁশিয়ারি

🕙 প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২৬ । ১:৪১ অপরাহ্ণ

তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস. এ. জিন্নাহ কবির।

শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়ন সরকারি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বানিয়াজুরী ইউনিয়নবাসী আয়োজিত সচেতনতামূলক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

এমপি জিন্নাহ কবির বলেন, “মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও ইভটিজার—কাউকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তারা যেই হোক না কেন, আইনের আওতায় আনতেই হবে। যারা আমাদের তরুণ প্রজন্মকে বিপথে ঠেলে দিচ্ছে, তাদের বিরুদ্ধে আইন তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে।”
তিনি আরও বলেন, “মাদক এখন নীরব মহামারি—এটি একটি ব্যক্তি নয়, একটি পরিবার ও জাতির ভবিষ্যৎকে ধ্বংস করে। একইভাবে ইভটিজিং গুরুতর অপরাধ। এখনই প্রতিরোধ গড়ে না তুললে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে।”

সমাবেশে সভাপতিত্ব করেন বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, বানিয়াজুরী ইউনিয়ন সরকারি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অলিউল হক, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবুর রহমান, বানিয়াজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সবুজ হাকিম।
বক্তারা মাদক ও ইভটিজিং প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, কঠোর আইন প্রয়োগ এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ