চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় চা দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে দুই মাসের কন্যা শিশু সাবরিনা জান্নাত মাহিরাকে মাটিতে আছড়ে হত্যা করার অভিযোগ উঠেছে তার পিতা ওসমান গণির বিরুদ্ধে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার চারিয়া-মুরাদপুর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার এসআই হাবিব। নিহত মাহিরা উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইব্রাহীম মেম্বার বাড়ির বাসিন্দা ওসমান গণি ও সুমাইয়া আক্তারের কন্যা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টা থেকে ৯টার মধ্যে ওসমান গণি তার স্ত্রী সুমাইয়ার কাছে চা চান। এ সময় শিশুটি মায়ের কোলে ছিল। চা দিতে কিছুটা দেরি হওয়ায় ক্ষিপ্ত হয়ে ওসমান গণি শিশুটিকে মায়ের কাছ থেকে ছিনিয়ে নিয়ে পরপর দুইবার মাটিতে আছড়ে মারেন। এতে শিশুটি গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়ে।
পরে স্বজনরা দ্রুত তাকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই অভিযুক্ত পিতা পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) মোস্তাক আহমেদ চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুটির মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় নিহত শিশুর চাচা রোমানকে গ্রেপ্তার করা হয়েছে এবং মূল অভিযুক্ত পিতাকে ধরতে অভিযান চলছে।
এদিকে এমন নৃশংস ঘটনার পরিপ্রেক্ষিতে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও মানসিক স্বাস্থ্য সহায়তার ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা।
হাটহাজারীতে চা দিতে দেরি—দুই মাসের শিশুকে আছড়ে হত্যা, পিতা পলাতক
🕙 প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২৬ । ১২:৫০ অপরাহ্ণ

