কৃষক ভালো থাকলে দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বাংলা নববর্ষ উপলক্ষে কৃষকদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পহেলা বৈশাখ এখন সামাজিক উৎসবে পরিণত হলেও এর শিকড় মূলত কৃষকের জীবনের সঙ্গে জড়িত। সে কারণেই এই দিনে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
প্রধানমন্ত্রী জানান, প্রাথমিকভাবে ২২ হাজার কৃষকের মধ্যে এই কার্ড বিতরণ করা হচ্ছে। আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে দেশের ২ কোটি ৭৫ লাখ চাষিকে কৃষক কার্ডের আওতায় আনা হবে, যা নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম অংশ। পাশাপাশি প্রথম সপ্তাহেই ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে, যার সুবিধা পেয়েছেন ১২ লাখ কৃষক।
তিনি আরও বলেন, কৃষিনির্ভর এলাকায় কৃষি সংশ্লিষ্ট শিল্প-কারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে, যাতে কৃষকরা তাদের পণ্যের ন্যায্য মূল্য পান। এ লক্ষ্যে দেশি-বিদেশি ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা চলছে এবং কোল্ডস্টোরেজ নির্মাণে আগ্রহ দেখা যাচ্ছে।
দেশ পুনর্গঠনের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের সরকার এবং দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই তাদের লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে জনগণের সহযোগিতা অপরিহার্য।
তিনি আরও জানান, কৃষির উন্নয়নে সারাদেশে খাল খনন কর্মসূচির আওতায় ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। পাশাপাশি ভূগর্ভস্থ পানির স্তর রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

