পহেলা বৈশাখ উপলক্ষে ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার এক তরুণ। উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মানিকনগর বাজারের ইজারা নিয়ে বাজারের সকল খাজনা মওকুফ করে দিয়েছেন স্থানীয় যুবক অহিদুল ইসলাম।
জানা গেছে, তিনি ১ লাখ ১৭ হাজার টাকার বিনিময়ে বাজারটির ইজারা গ্রহণ করেন এবং সেইসঙ্গে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের জন্য খাজনা সম্পূর্ণভাবে মওকুফ ঘোষণা করেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে বাজার প্রাঙ্গণে আয়োজিত এক সভায় আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন অহিদুল ইসলাম। এ সময় তিনি বলেন, ভবিষ্যতেও তিনি এই উদ্যোগ অব্যাহত রাখতে চান এবং যতদিন বেঁচে থাকবেন, প্রতি বছর বাজারের ইজারা নিয়ে খাজনা মওকুফ করার চেষ্টা করবেন।
অহিদুল ইসলাম আরও বলেন, “আমার এলাকার প্রায় দুই হাজার কৃষক এই বাজারে তাদের উৎপাদিত ফসল বিক্রি করেন। এছাড়া আশপাশের প্রায় দশটি গ্রামের মানুষ এই বাজার থেকে তাদের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ক্রয়-বিক্রয় করে থাকেন। তারা যেন ন্যায্য দামে পণ্য বিক্রি ও ক্রয় করতে পারেন, সে লক্ষ্যেই আমি ব্যক্তিগত অর্থায়নে এই উদ্যোগ নিয়েছি।”

