রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে এই হাসপাতালে হামের উপসর্গে মোট ৫০ জন শিশুর মৃত্যু হলো।
রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শঙ্কর কে বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই ২৪ ঘণ্টায় চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ২৭ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বর্তমানে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩২ জনে। আর এ পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা ৪৭৯ জন।
চিকিৎসকদের মতে, সময়মতো টিকাদান নিশ্চিত না করা এবং সচেতনতার অভাবে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে। তাই তারা অভিভাবকদের শিশুদের টিকা দেওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জোরালো আহ্বান জানিয়েছেন।

