জুলাই আন্দোলনের সময় ঢাকার মিরপুরে দেলোয়ার হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদকে আরও তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
সোমবার (৬ এপ্রিল) ঢাকার মহানগর হাকিম ছিদ্দিক আজাদ শুনানি শেষে এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ২৫ মার্চ রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে ডিবি পুলিশ শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করে। পরদিন তাকে দেলোয়ার হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয়। এরপর ৩১ মার্চ আরও ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
দুই দফায় ১১ দিনের রিমান্ড শেষে সোমবার তাকে আদালতে হাজির করে চার দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা, ডিবি পুলিশের এসআই কফিল উদ্দিন।
আবেদনে বলা হয়, আসামিকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা মামলার তদন্তে সহায়ক। তার দেওয়া তথ্য যাচাই-বাছাই চলছে এবং তদন্ত অব্যাহত রয়েছে। এসব তথ্য যাচাইয়ের জন্য আরও রিমান্ড প্রয়োজন বলে উল্লেখ করা হয়।
রাষ্ট্রপক্ষে মুহাম্মদ শামছুদ্দোহা সুমন ও জামাল উদ্দিন মারজিন রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে আসামিপক্ষে আইনজীবীরা রিমান্ড আবেদন বাতিল ও জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকাল সাড়ে ৩টার দিকে মিরপুর-১০ নম্বর ফলপট্টি এলাকায় ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের ৫০০-৭০০ নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় এবং শেখ মামুন খালেদের নির্দেশে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়।
এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন দেলোয়ার হোসেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।

