মঙ্গলবার

৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সংবিধান সংস্কার ইস্যুতে বিএনপির সমালোচনা, ‘ফ্যাসিবাদের পথে হাঁটছে’—গোলাম পরওয়ার

🕙 প্রকাশিত : ৬ এপ্রিল, ২০২৬ । ৭:১৬ পূর্বাহ্ণ

জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কার আদেশ বাস্তবায়নের বিরোধিতা করে বিএনপি ফ্যাসিবাদী শাসনের দিকে এগোচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

রোববার বিকেলে বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেলের নির্বাচনি ইশতেহার ঘোষণা উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে ৩৩টি রাজনৈতিক দলের দীর্ঘ আলোচনার ভিত্তিতে ‘জুলাই সনদ’ প্রণয়ন করা হয়। এই সনদ বাস্তবায়নের লক্ষ্যে রাষ্ট্রপতির আদেশে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন করা হয়।

তিনি অভিযোগ করেন, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচিত সংসদ সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেওয়ার কথা থাকলেও বিএনপি তা করেনি। বরং দলটি এখন সংবিধান সংস্কার আদেশ বাতিলের প্রস্তাব এনে গণভোটকে অস্বীকার করছে, যা জাতির সঙ্গে প্রতারণার শামিল।

তিনি আরও বলেন, প্রায় পাঁচ কোটি ভোটার গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে বিএনপির অবস্থান প্রত্যাখ্যান করেছে। কিন্তু দলটি সেই ফলাফল মেনে নিতে না পেরে গণভোট বাতিলের উদ্যোগ নিচ্ছে। এর মাধ্যমে প্রয়োজনীয় সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে এবং দেশকে ফ্যাসিবাদের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

বগুড়া উপনির্বাচনের পরিবেশ নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তিনি অভিযোগ করেন, সরকারি দলের সমর্থকেরা জামায়াতের নেতাকর্মীদের ভয়ভীতি দেখাচ্ছে। তিনি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জাগপার সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান বিএনপির সমালোচনা করে বলেন, ক্ষমতায় আসার পর সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে দলটি ‘মুনাফেকি’ করেছে।

সভায় জামায়াত প্রার্থীর ১৪ দফা নির্বাচনি ইশতেহার ও উন্নয়ন পরিকল্পনাও তুলে ধরা হয়।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ