মানিকগঞ্জে বজলুর রহমান খান রাবিল হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ এপ্রিল) সকাল ১১টায় মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে ‘বন্ধু একাদশ’-এর উদ্যোগে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গত ২৭ মার্চ পৌর এলাকার নতুন বস্তি এলাকায় বসবাসকারী রহমান খান রাবিলকে নৃশংসভাবে হত্যা করা হয়।
বক্তারা অভিযোগ করেন, রাবিল একজন নিরীহ ও সামাজিকভাবে সক্রিয় ব্যক্তি ছিলেন। তাকে এভাবে হত্যা করা মানবিকতার চরম লঙ্ঘন এবং এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহতের স্ত্রী আলেয়া আক্তার, বিএনপির যুবদলের সাবেক কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারন সম্পাদক মো. আলী আশরাফ, বন্ধু একাদশের সভাপতি মোস্তাফিজুর রহমান মামুন, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার শিকদার রিপন, অ্যাডভোকেট সাইফ উদ্দিন আহমেদ ফিরোজ, সরকারি দেবেন্দ্র কলেজের সাবেক ভিপি গোলাম আবেদীন কায়ছারসহ পরিবারের সদস্যরা।
বক্তারা আরও বলেন, এই হত্যাকাণ্ডে একটি পরিবার সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। নিহতের স্ত্রী স্বামীকে হারিয়ে এবং সন্তানরা পিতাকে হারিয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে।
তারা দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, জড়িতদের গ্রেপ্তার এবং সুষ্ঠু বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
এর আগে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

