চট্টগ্রামের ফটিকছড়িতে সালিস বৈঠকের সময় চোর সন্দেহে দুই ভাইকে পিটিয়ে একজনকে হত্যা করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত অপর ভাই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার দাঁতমারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খন্দকারপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আবছার এবং আহত মোহাম্মদ রাসেল ওই এলাকার বাসিন্দা নবীউর রহমানের ছেলে।
পুলিশ জানায়, টিউবওয়েল চুরির অভিযোগে বিকেল ৫টার দিকে স্থানীয়ভাবে একটি সালিস বৈঠক ডাকা হয়। বৈঠক চলাকালে উপস্থিত কয়েকজন ব্যক্তি লাঠিসোঁটা দিয়ে দুই ভাইকে মারধর শুরু করেন।
পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মোহাম্মদ আবছারকে মৃত ঘোষণা করেন। আহত মোহাম্মদ রাসেলকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল দে বলেন, চুরির অভিযোগ এনে কিছু লোক সালিস বসায় এবং একপর্যায়ে দুই ভাইকে পিটুনি দেয়। এতে একজনের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

