বৃহস্পতিবার

২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ—লুট ঠেকাতে বিজিবি মোতায়েন

🕙 প্রকাশিত : ২ এপ্রিল, ২০২৬ । ৮:৫১ পূর্বাহ্ণ

হবিগঞ্জের মাধবপুরে জ্বালানি তেলবাহী ট্রেনের একাধিক বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ দীর্ঘ সময় ধরে বন্ধ রয়েছে। একইসঙ্গে ছড়িয়ে পড়া তেল লুট ঠেকাতে ঘটনাস্থলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ মার্চ) দুপুর পর্যন্ত প্রায় ১৫ ঘণ্টা পার হলেও ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। লাইনচ্যুত বগিগুলো উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এর আগে বুধবার রাত ৯টার দিকে সিলেটগামী তেলবাহী ট্রেনটি নোয়াপাড়া এলাকায় পৌঁছালে বিকট শব্দে ৬টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে বগিতে থাকা বিপুল পরিমাণ জ্বালানি তেল আশপাশের সড়ক, কৃষিজমি ও খালে ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজে সেনাবাহিনী, বিজিবি (বিজিবি-৫৫) ও পুলিশ যৌথভাবে কাজ শুরু করে। এ ঘটনায় ইতোমধ্যে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মনির আহমেদ জানান, দুর্ঘটনার কারণে ঢাকাগামী উপবন এক্সপ্রেস, চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস এবং সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের চলাচল বাতিল করা হয়েছে। যাত্রীদের টিকিটের অর্থ ফেরত দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, রেল যোগাযোগ স্বাভাবিক হতে আরও ৪ থেকে ৫ ঘণ্টা সময় লাগতে পারে।

এদিকে, ছড়িয়ে পড়া তেল সংগ্রহের সময় অভিযান চালিয়ে বিজিবি প্রায় ১ হাজার লিটার তেল জব্দ করেছে। বিজিবির লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, উদ্ধার করা তেল জারিকেন ও ড্রামে সংরক্ষণ করা হয়েছে এবং যাতে কেউ তেল নিয়ে যেতে না পারে সে বিষয়ে কড়া নজরদারি রাখা হচ্ছে।

দীর্ঘ সময় রেল যোগাযোগ বন্ধ থাকায় সিলেটগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ